
দেশব্যাপী বিএনপির ডাকা তৃতীয় দফা সড়ক, নৌ ও রেলপথ অবরোধের প্রথম দিনে আজ বুধবার ফরিদপুরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। একই দিনে ফরিদপুর আদালতের চত্বরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর কৃষক দল।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় কৃষি কলেজের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে পুলিশ আসার আগেই সরে যান নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন। মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জয়নাল প্রামাণিক প্রমুখ।
