
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য থেকে রেহাই পাননি সাংবাদিকেরাও। তিনি বলেন, আজ ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন, দেড় শর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন, একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষের ওপরও হামলা হয়েছে। এই ভয়ংকর অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।
আজ শনিবার রাতে আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজখবর ও চিকিৎসাসেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৃশংস হামলায় আহত সাংবাদিক, পুলিশ সদস্য, দলীয় নেতা-কর্মীসহ চিকিৎসাধীন সবাইকে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা রাজারবাগ পুলিশ হাসপাতালেও যাব।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের কী অপরাধ—প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেছেন, পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছিলেন, সাধারণ মানুষ তার কাজে যাচ্ছিল। এদের ওপর নৃশংস হামলা ক্ষেত্রবিশেষে বিএনপির ২০১৩, ১৪ ও ১৫ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে
আওয়ামী লীগের নেতারা এ সময় আহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় তাঁদের পাশে থাকার কথা জানান। পরে প্রতিনিধিদলের সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
