- আন্তর্জাতিক ডেস্ক
- ২১ অক্টোবর ২০২৩

ফিনল্যান্ডে নোকিয়ার সদর দপ্তরছবি: রয়টার্স
ফিনিশ টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর আমেরিকায় ফাইভ–জি সরঞ্জাম বিক্রির ধীরগতি ও লাভ কমে যাওয়ায় তারা এই কর্মী ছাঁটাই করবে।
নোকিয়ার প্রধান নির্বাহী (সিইও) পেক্কা লান্ডমার্ক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তৃতীয় ত্রৈমাসিকে আমরা সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ব্যয় কমাতে এ কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
নোকিয়া বলেছে, ব্যয় কমানোর এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ৮০০ মিলিয়ন থেকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় করা। কর্মী সংখ্যা ৮৬ হাজার থেকে ১৬ শতাংশ কমিয়ে আনা হবে। এতে কর্মী সংখ্যা দাঁড়াবে ৭২ হাজার থেকে ৭৭ হাজার। মোবাইল নেটওয়ার্ক, ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিসেস ও করপোরেট ফাংশন থেকে এসব কর্মী ছাঁটাই করা হবে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নোকিয়ার ফাইভ–জি সরঞ্জাম বিক্রি ২০ শতাংশ কমে ৪ দশমিক ৯৮ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে নোকিয়া ও এরিকসন চলতি বছর মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিনিয়োগে মন্দার কথা জানিয়েছে
গত জানুয়ারিতে অ্যামাজন বিশ্বব্যাপী ১৮ হাজার কর্মী ও গুগলের মূল সংস্থা অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
