নিজস্ব প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৩

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র
ঢাকাঃ আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী দৈনিক বাংলা এক্সপ্রেস কে বলেন, আদালত অবমাননার দায়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কারাদণ্ড দিয়ে হাইকোর্টের এই ধরনের রায় নজিরবিহীন।
সোহেল রানার আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক দৈনিক বাংলা এক্সপ্রেস কে জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন।
সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন।