//

পাকিস্তানের বিপক্ষে অসম ইতিহাসটা বদলাতে পারবে শ্রীলঙ্কা!

16 মিনিট পড়ুন

ক্রীড়া ডেস্ক,

১০ অক্টোবর, ২০২৩

ছবিঃ সংগৃহীত

ইতিহাস বা পরিসংখ্যানের পাতায় এমন কিছু ঘটনা থাকে, যা দেখে বিস্মিত হতেই হয়। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপ দ্বৈরথের ইতিহাস বা পরিসংখ্যানটা সেরকমই। সত্যি শুনলে চমকে উঠতেই হয়। ক্রিকেট বিশ্বকাপে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি শ্রীলঙ্কা!

ঘটনা সত্যিই। ক্রিকেট বিশ্বকাপে এ পর্যন্ত দুই দল মোট ৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭ বারই জয়োল্লাস করেছে পাকিস্তান। অন্য ম্যাচটি বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হয়েছে। পরিত্যক্ত হয়েছে আবার সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দ্বৈরথটি। তার আগে ৭ বারই পরাজয়ের বেদনায় নীল হয়েছে লঙ্কানরা। যার শুরুটা সেই ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপে। বিশ্বকাপে দুই দলের সেই প্রথম সাক্ষাতে পাকিস্তান জিতেছিল ১৯২ রানে। যা এখনো পর্যন্ত বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে তাদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। তবে কোন বড় জয়, কোন ছোট জয়, সেটা বড় কথা নয়। আসল কথা হলো বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে কখনো পাকিস্তান হারেনি।

আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষেই মুখোমুখি হচ্ছে পাকিস্তান। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তান আজও যে লঙ্কানদের বিপক্ষে জয়ের ইতিহাসের ধারাটা ধরে রাখতে চাইবে, সেটি স্পষ্টই।  অন্যদিকে শ্রীলঙ্কা চাইবে, যেভাবেই হোক, ইতিহাসের ধারাটা বদলাতে। সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে আজ জয় পাওয়াটা দরকারও শ্রীলঙ্কার জন্য। দাসুন শানাকার শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপটা শুরু করেছে ১০২ রানের বিশাল হার দিয়ে। হারের ব্যবধান যতটা বড়, শ্রীলঙ্কার হারটা আসলে তার চেয়েও বেশি অসহায়ভাবে ছিল। প্রথমে ব্যাট করে ব্যাটিং রেকর্ডের মালা গেঁথে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা আসলে ম্যাচটা হেরে যায় তখনই। পরে ব্যাট হাতে ৩২৬ রান করার মাধ্যমে হারের ব্যবধানটা ছোট করেছে শুধু। তো এমন হারে শুরুর পর আজ জয় না পেলে লঙ্কানদের সেমিফাইনাল স্বপ্নটা আরও বড় ধাক্কা খাবে। বাবর আজমের পাকিস্তান দাসুন শানাকার শ্রীলঙ্কাকে সেই ধাক্কাটা দেওয়ার পণ করেই নামছে মাঠে

বোদ্ধাদের প্রাক-টুর্নামেন্ট আলোচনা পর্বেই এবারের বিশ্বকাপে পাকিস্তান অন্যতম টপ ফেবারিট। তা বাবর আজমের দল টুর্নামেন্ট শুরু করেছে ফেভারিটের মতোই। যদিও ভারত বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে ব্যাটে-বলে ডাচদের পাত্তাই দেননি বাবর আজমরা। ৮১ রানের জয় মাঠে তাদের একচ্ছত্র দাপটের কথাই বলছে। সেই জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে আজ যুক্ত হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপে একচ্ছত্র জয়ের পরিসংখ্যান বা ইতিহাস। দুইয়ে মিলে বাবর আজম, শাহীন আফ্রিদি, শাদাব খানরা যে আজ আরও উজ্জীবিত হয়ে মাঠে নামবেন, সেটি অনুমিতই। পাকিস্তানিদের সেই উজ্জীবিত পার্টিতে পানি ঢেলে তাদের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস লিখতে পারবে শ্রীলঙ্কা?

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog