নিজস্ব প্রতিবেদক,
৫ অক্টোবর, ২০২৩

চিত্রঃ সংগৃহীত
ঢাকাঃ জাতীয় পার্টি নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবে সিদ্ধান্ত নেবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। নির্বাচনকে সামনে রেখে এখন থেকে রাজনৈতিক সকল সিদ্ধান্ত নেবেন তিনি।বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়
তনে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, রাজধানীসহ বিভাগীয় শহরে কর্মীসভা করার সিদ্ধান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেসিডিয়াম সদস্য জানান, নির্বাচনসহ সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের চেয়ারম্যানকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত কী হবে, কার সঙ্গে জোট করতে হবে; কে বেশি সুবিধা দেবে- সবকিছুই ঠিক করবেন দলের চেয়ারম্যান।
তিনি বলেন, বিশেষ কোনও কারণে যদি দলের বৈঠক করা না যায় তখনও জাতীয় পার্টির রাজনৈতিক সকল সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। এ বিষয়ে উপস্থিত প্রেসিডিয়াম সদস্য ও এমপিরা একমত হয়েছেন। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দেশের বিভাগীয় শহরে সমাবেশ করবে জাতীয় পার্টি।
যৌথ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভা পরিচালনা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
