//

দুর্গাপূজায় দেশজুড়ে এসআরবির বিশেষ নিরাপত্তা

19 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজাকে কেন্দ্র করে প্রতিদিন দায়িত্ব পালন করছেন বাহিনীর ২ হাজার ৪৫৭ জন সদস্য। পাশাপাশি ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্যকে নিয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে ৫৪৯টি পিকআপ এবং ৪৪৭টি মোটরসাইকেলে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি না থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন।

এসআরবির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

এসআরবি মহাপরিচালক জানান, গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এ সময় বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য দেশজুড়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান তিনি। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন। পাশাপাশি পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। এ সময় বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজও করছেন সংশ্লিষ্ট সদস্যরা। পূজামণ্ডপে আসা নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

মো. আহসান হাবীব পলাশ বলেন, বিজয়া দশমীতে প্রতিমা পরিবহন ও বিসর্জন ঘিরেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ উপলক্ষে নির্ধারিত রুটে বিশেষ টহল পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিসর্জনস্থলে এসআরবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমেও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিগত বছরগুলোর মতো এবারও সারা দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে বলে আশা প্রকাশ করেন এসআরবি মহাপরিচালক।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.