- নিজস্ব প্রতিবেদক

অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি অর্থায়নকারী ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনার পথ খুলে দিয়েছে যুক্তরাজ্য। অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ঠেকাতে লন্ডনের সম্প্রসারিত নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কার্যকর হয়েছে। এর জবাবে অধিকৃত পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল।
সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর নতুন এই পদক্ষেপ কার্যকর হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, আগের ব্যবস্থায় মূলত ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে গুরুত্ব দেওয়া হয়েছিল। নতুন ব্যবস্থায় বসতি নির্মাণ ও সম্প্রসারণে অর্থ জোগানো ব্যাংক, বিমা প্রতিষ্ঠানসহ আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে।
পূর্ব জেরুজালেম ও মা’আলে আদুমিম বসতির মধ্যবর্তী ই১ এলাকায় নির্মাণকাজের দরপত্র জমা দেওয়ার আগামী সোমবারের (১৯ অক্টোবর) সময়সীমার কয়েক দিন আগে নিষেধাজ্ঞাটি কার্যকর হলো। বিতর্কিত এই প্রকল্প নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। সমালোচকদের আশঙ্কা, ই১ এলাকায় ইসরায়েলি বসতি সম্প্রসারণের ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
নতুন নিয়মের আওতায় যুক্তরাজ্য নিষেধাজ্ঞার তালিকায় আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করতে পারবে। তবে নিয়মটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভাব্য লক্ষ্যবস্তুদের ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে না।
