- নিজস্ব প্রতিবেদক
- ৩ জুলাই ২০২৫

বাংলামটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে তিনবার ঘটেছে এ ঘটনা।
বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, রাত সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বারবার এসব ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এনসিপির নেতারা। দ্রুত সময়ের মধ্যে ঘটনাগুলোর তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।
এর আগে, গত ২৪ জুন এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বহুতল ওই ভবনের নিচতলায় দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তার আগেরদিন রাতেও একই ঘটনা ঘটার কথা জানিয়েছিলেন এনসিপির নেতারা। তবে এখনো পর্যন্ত এসব ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
