সাংবাদিক হয়ে গুপ্তচরবৃত্তি, দুজনকে আটক করল ইরান
- নিজস্ব প্রতিবেদক
-

সাংবাদিকতার আড়ালে সামরিক ও স্পর্শকাতর স্থাপনার তথ্য সংগ্রহ করে ‘শত্রুপক্ষের’ কাছে সরবরাহের অভিযোগে রাজধানী তেহরান থেকে দুজনকে আটক করেছে ইরানের পুলিশ। খবর শাফাক নিউজের।
মঙ্গলবার তেহরান গ্রেটার পুলিশ ইনফরমেশন সেন্টার এক বিবৃতিতে জানায়, জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে শহরের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা মিডিয়া কর্মীর পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ ও বিদেশভিত্তিক নেটওয়ার্কে পাঠাতেন।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ইরানের ভেতর ও বাইরে পরিচালিত একটি সংগঠিত নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তবে তাদের পরিচয়, সংশ্লিষ্ট বিদেশি সংস্থা বা কোন গণমাধ্যমের আড়ালে তারা কাজ করছিলেন, এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দেশের বাইরে পরিচালিত একটি অপারেশন রুমের সঙ্গে এনক্রিপটেড যোগাযোগ স্থাপন করেছিলেন। অভিযানের সময় একটি স্টারলিংক রিসিভারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ১৪ মার্চ ইরানজুড়ে নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, আটক ১৩ জনের কাছ থেকে তিনটি স্টারলিংক টার্মিনাল উদ্ধার করা হয়েছিল।








