
আগামী ৩০ অক্টোবর (সোমবার) ঢাকায় সমাবেশ করবে ১৪ দল। জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে আমির হোসেন আমুর বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আমু বলেন, দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। দেশের সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ হবে।
একই দিনে ঢাকায় আরেকটি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগও। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। দলটি বলছে, জনগণের অংশগ্রহণে ওই দিন তাদের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে। বিশেষ করে, নরী শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা এই গণহত্যার নিন্দা জানাই। অবিলম্বে এই যুদ্ধ বন্ধে জাতিসংঘের কাছে আহ্বান জানাই। পাশাপাশি এই ক্ষতি পুষিয়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আমাদের আবেদন রইল।
আমু বলেন, আমরা লক্ষ্য করছি, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিভিন্ন যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। আমাদের দেশেরও একটা পক্ষের সংবিধানবিরোধী কার্যক্রমে মনে হয় তাদেরই অনুসরণ করছে।
জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত ১৪ দল। জোটের সমন্বয়ক বলেন, নির্বাচনসহ যাই হোক, সংবিধানের মধ্যে থেকে হতে হবে। সংবিধানবিরোধী যেকোনো তৎপরতা আমরা প্রতিহত করব।
বৈঠকে অংশ নেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ ১৪ দলের শীর্ষ নেতারা।
