
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার একটি স্টলনিউইয়র্ক বইমেলার সৌজন্যে
লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসকে ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের মে মাসে এই মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন মুক্তধারার আয়োজনে তিন দশকের বেশি ধরে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে এটি সর্ববৃহৎ বাংলা বইমেলা। এ মেলা বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলনের একটি বড় স্থান হিসেবে গণ্য হয়।
বাংলা ভাষার সেরা লেখক ও শিল্পীদের উপস্থিতি ছাড়াও উভয় বাংলার বিপুলসংখ্যক প্রকাশকের অংশগ্রহণের ফলে মেলাটি প্রবাসী বাঙালিদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এই মেলা প্রবর্তিত বার্ষিক মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার দেশে-বিদেশে লেখক ও সাহিত্যামোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আশা করা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের অন্তত ৪০টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে। নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাহিত্য সংগঠনকেও তাদের প্রকাশিত নতুন গ্রন্থ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হবে।
সভায় নূরুন নবী বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বইমেলা বিষয় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে সবার দৃষ্টি আকর্ষণ করবে। লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস বইমেলার আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করায় তিনি নির্বাহী কমিটির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান এবং পরবর্তী মেলার সাফল্য কামনা করেন।
হাসান ফেরদৌস ১৯৮৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কাজ করেছেন জাতিসংঘের সদর দপ্তরে। এর আগে তিনি আগে ঢাকায় সাংবাদিক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দৈনিক সংবাদ, ঢাকা কুরিয়ার ও সচিত্র সন্ধানী পত্রিকায়।
কলাম লিখেছেন দৈনিক বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টুডে, সানডে স্টার, ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত ইংরেজি মাসিক ভয়েস অব বাংলাদেশ সম্পাদনা করেছেন কয়েক বছর। তিনি ২০টির বেশি বইয়ের লেখক, যার মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক ৫টি বই রয়েছে।
সভায় মুক্তধারার প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা বলেন, সংগঠনের নবীন-প্রবীণ সব সদস্য ও সমর্থকের সম্মিলিত চেষ্টায় আগামী বছর একটি স্মরণীয় বইমেলা আয়োজন সম্ভব হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসী বাঙালিদের অংশগ্রহণে নিউইয়র্ক বইমেলা একটি প্রকৃত বিশ্বমেলায় রূপান্তরে হাসান ফেরদৌসের নেতৃত্ব বিশেষ সহায়ক হবে।
