- রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি
- ১২ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রামঃ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে কুড়িগ্রামে চারটি দোকানে অভিযান চালিয়ে মোট ৫৯৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতা মূলক সাজা প্রদান করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও উলিপুর উপজেলা প্রশাসনের সহায়তায় উলিপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে চারটি দোকানে অভিযান চালিয়ে মোট ৫৯৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতা মূলক ৯ হাজার ৫’শ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনার শেষে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।
