নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ ও মানিকগঞ্জ
১১ অক্টোবর, ২০২৩।

ময়মনসিংহ ও মানিকগঞ্জঃ ময়মনসিংহ ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন। ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পোশাক কর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ভাটবাউর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় লেগুনাচালক ও চার যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চেলেরঘাট এলাকায় বিকল হয়ে যায় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস। ওই বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। বিকল হওয়া বাসটি মেরামত করতে সময় লাগবে ভেবে ওই শ্রমিকদের অনেকে অন্য বাসে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি বাস থামলে শ্রমিকরা তাতে উঠতে যান। পেছন থেকে অপর একটি বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন ১১ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। সবশেষ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন, চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), আলতাফ হোসেন (৬৫)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ত্রিশাল থানার এসএই কাকন জানান, সড়ক দুঘর্টনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ভাটবাউর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় লেগুনাচালক ও চার যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
তিনি জানান, মানিকগঞ্জ অভিমুখী একটি অজ্ঞাত গাড়ি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে লেগুনাটি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে চালক ও চার যাত্রী মারা যান। আহত হন আরও দুই জন।
ওসি আরও জানান, আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন নারী। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
