মোঃ রাসেল রানা মেলান্দহ ( জামালপুর )
১০ অক্টোবর,২০২৩

নিহত দুলাল উদ্দিন চিত্রঃ মোঃ রাসেল রানা
জামালপুরঃ জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের দা’য়ের কুপে ভাই দুলাল উদ্দিন (৬০) নিহত ও ১ জন আহত হয়েছে। নিহত দুলাল উদ্দিন উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকার মৃত জসিম উদ্দীন এর ছেলে। এ ঘটনায় দুলাল উদ্দিনের স্ত্রী হাফেজা বেগম (৪৫) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ২ ঘটিকায় দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোররাত ৩ ঘটিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল উদ্দিন মারা যান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া বিবাদ হতো।গত বৃহস্পতিবার বৃষ্টির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সুত্রপাত। কথা-কাটাকাটি একপর্যায়ে অভিযুক্ত আঃ রশিদ ছোট ভাই দুলাল ও দুলালের স্ত্রী হাফেজা বেগমকে দা’দিয়ে কুপিয়ে আহত করে।আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে দুলাল উদ্দিন মারা যান। আহত হাফেজা বেগমও আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মেলান্দহ থানার উপ পরিদর্শক আতিকুর রহমান বলেন – এ ঘটনায় পূর্বে অভিযোগ দায়ের হয়েছে। এখনো মামলা হয়নি। অভিযুক্ত আঃ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে আছে।
