//

নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছেঃজি এম কাদের

13 মিনিট পড়ুন

বিশেষ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের চিত্রঃ সংগৃহীত

 

 

ঢাকাঃ  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে, সেখানে সহিংসতা হতে পারে, নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে।নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে।

যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জি এম কাদের। রাজধানীর একটি হোটেলে আজ সোমবার বেলা তিনটায় জাতীয় পার্টির সঙ্গে এ বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের।

জি এম কাদের বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, এসব বিষয়ে তারা (যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সদ্যসরা) জানতে চেয়েছেন। তাঁরা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে, তা ফেয়ার বা আনফেয়ার হলো তা বোঝা যায় না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘আমরা নির্বাচনে যাব না, এমন সিদ্ধান্ত নিইনি। তবে আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিইনি।’

নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকারের এমন কোনো প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ হয়, তবেই আমরা বিবেচনা করব। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছুদিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।’

জি এম কাদের  আরও বলেন, ‘এনডিআই এবং আইআরআই প্রাক্‌–নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা আমাদের নির্বাচনপূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছে। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছে। আমাদের দেশে কখন কীভাবে নির্বাচন হয়েছে, তাও জানতে চেয়েছে তারা।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল, উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।

মতামত দিন

Your email address will not be published.