নিজস্ব প্রতিনিধি
০৯ অক্টোবর, ২০২৩

হাবিবুর রহমান হাবিব, মো. শাহজাহান ও আহসান হাবিব লিংকন (বাম থেকে ) ফাইল চিত্র
ঢাকাঃ রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সূত্র জানিয়েছে, অগ্নিসংযোগ ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার দুটি ধারায় মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ ( ০৯ অক্টোবর ) সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন।
পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া অগ্নিসংযোগ করার অপরাধে আসামিদের আরও দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন- বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম, তৌহিদুল ইসলাম তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল, মো. আরিফ, মোহাম্মদ নিশান মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন ও মোজাম্মেল হক।
আদালত সূত্র আরও জানিয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন মোহাম্মদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।
আদালত সূত্র জানিয়েছে, একটি ধারায় দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক ধারায় দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই সাজা চলবে একসঙ্গে। সেক্ষেত্রে তাদের দুই বছরের কারাভোগ করতে হবে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৪ জানুয়ারি ২০ দলীয় জোটের সমর্থক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের পরোক্ষ ইন্ধনে ৩০/৪০ জন ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি স্মরণীতে জনসাধারণের চলাচলে গতিরোধ, পুলিশের কর্তব্যকাজে বাধাসহ খুন করতে বাসে অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগে এক লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
