- নিজস্ব প্রতিবেদক
-

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে অটুট সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর আরবনিউজের।
চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেবে চীন।
তিনি পাকিস্তানের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ইরান সংকট নিরসনে ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা রাখছে।
পাকিস্তান ও চীন যৌথভাবে পাঁচ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এতে যুদ্ধবিরতি, সংলাপ, বেসামরিক ও পারমাণবিক স্থাপনার নিরাপত্তা এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। তিনি সম্প্রতি ইরান সফর করে দেশটির নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন।
শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে আয়রন ব্রাদার বা ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের তুলনা নেই।
চীনে চার দিনের সফরে থাকা শেহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তিও হয়েছে।
