//

গরম বেড়ে যাওয়ার পূর্বাভাস, ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

9 মিনিট পড়ুন
আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তরছবি: সংগৃহীত

 

 

প্রায় পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হয়েছে, তা কমে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বাড়তে পারে গরম। আজ বুধবার থেকেই আসলে বাড়তে শুরু করেছে গরম। এমনটা আরও অন্তত চার দিন চলতে পারে। আর আজ দেশের চার বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে এবং তাপমাত্রাও বাড়তে শুরু করেছে।

ঢাকার কাছাকাছি ময়মনসিংহের দিকে ঘন মেঘ আছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। এই মেঘের কারণে ঢাকার আকাশেও মেঘ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, তবে এর প্রভাবে অন্তত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। হলেও সামান্য হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায় ৪১ মিলিমিটার। এরপর আছে উত্তরবঙ্গের রংপুর। সেখানে বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। এ ছাড়া নরসিংদী, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। এর ফলে বিশেষ করে এসব এলাকায় তাপমাত্রা কমে যেতে পারে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আজ প্রথম আলোকে বলেন, আসলে আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামীকাল থেকে আরও বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে অন্তত চার দিন।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.