- সিটি ক্রসপন্ডেন্ট
- ২৫ মে ২০২৫

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এ ১৫টি ক্যাটাগরির ৫৭টি পদে জনবল নিয়োগের জন্য ২০২৩ সালের ৩১ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের ১১ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হয় ৩ জুন। এরপর একাধিক বার সময় পরিবর্তনের পর ২০২৪ সালের ডিসেম্বরে মৌখিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৪ ডিসেম্বর।
তবে পাঁচ মাস পার হলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি, যা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। প্রার্থীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের অযাচিত ও অনৈতিক হস্তক্ষেপের কারণে এই ফলাফল আটকে রাখা হয়েছে।
২০১৫ সালে পাসকৃত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট অনুযায়ী, জনস্বার্থ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আর্থিক কার্যক্রমকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে এবং নিরীক্ষা পেশার মানদণ্ড নির্ধারণে গঠিত হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। শুরু থেকেই প্রতিষ্ঠানটি ইন্টার্ন এবং চুক্তিভিত্তিক কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, নিয়োগবিধি লঙ্ঘন করে এফআরসি কর্তৃপক্ষ বিভিন্ন পদে আত্মীয়-স্বজনদের বসিয়েছে। প্রতিষ্ঠানটিতে এখনো পর্যন্ত কোনো স্থায়ী কর্মী নিয়োগ হয়নি। অধিকাংশ আউটসোর্সিং কর্মীই উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয়। এমনকি এক কর্মকর্তা ও তাঁর মেয়ে দুজনেই চুক্তিভিত্তিকভাবে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। মেয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলেও পাস করতে পারেননি। এরপরও তিনি কর্মরত আছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে কিছু আউটসোর্সিং কর্মী দুর্নীতির অভিযোগ এনে আদালতে রিট দায়ের করেন এবং অর্থ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগের যথাযথ তদন্ত না করেই নিয়োগ প্রক্রিয়া বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চাকরি প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে নিয়োগ বাতিল হলে বঞ্চিত হবেন অনেক মেধাবী ও যোগ্য প্রার্থী। এতে সৃষ্টি হবে চরম বৈষম্য। তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
চাকরি প্রার্থীদের মতে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা আশা করছেন, অর্থ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে।
