চট্টগ্রাম প্রতিনিধি,
৪ অক্টোবর ২০২৩

ছবি সংগৃহীত
চট্টগ্রামঃ চট্টগ্রামে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে এক সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লাকে গ্রেপ্তার করে চান্দগাঁও পুলিশ।তিনি বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাসিন্দা। তাকে ওমর আলী মাতব্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘তিনি আদালতে দায়ের করা একটি মামলার আসামি ছিলেন এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাতে ২ জন অফিসার শহিদুল্লাকে তার বাড়ির কাছে আটক করে থানায় নিয়ে যান। থানায় আসার পর তিনি বুকে ব্যথার কথা বলেন। পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কল করে।’
ওসি বলেন, ‘প্রথমে তাকে পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর চমেকে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শহিদুল্লার আত্মীয় সালাউদ্দিন শিমুল বলেন, ‘পুলিশ গ্রেপ্তারের আগে আমাদের কাছে এ ধরনের কোনো ওয়ারেন্ট বা অভিযোগের কোনো খবর ছিল না। সিভিল ড্রেসের পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং আটকের সময় হাতাহাতি হয়।’
‘তিনি একজন হার্টের রোগী ছিলেন এবং তার বাইপাস সার্জারি করা হয়েছিল। আমরা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত দাবি করছি,’ বলেন তিনি।
দুদকের সাবেক কর্মকর্তা মো. শহিদুল্লার মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের পরিদর্শন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়
বিশেষ প্রতিনিধি,
৩ অক্টোবর,২০২৩

পটূয়াখালীঃ সদরের একটি বাসায় রুমের ভেতরে আটকে পড়েছিল তিন বছর বয়সী এক শিশু। পরে ভেতরে থেকে দরজা খুলতে না পেরে কাঁদতে থাকে সে। কোনো উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। এরপর ঘটনাস্থলে এসে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় পটুয়াখালী সদরের শান্তিবাগ থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন তুষার নামের একজন কলার। সেসময় তিনি জানান, তার বাসার গৃহকর্মীর তিন বছর বয়সী শিশুসন্তান রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন সে আর ছিটকিনি খুলতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। শিশুটি রুমের ভেতরে ভয়ে কান্নাকাটি করছে। এ অবস্থায় কলার উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯-এ ফোন করেন।
তিনি আরও জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. আশরাফুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯-এর ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. সজীব মিয়া উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।
পটুয়াখালী ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফিরোজ আহমেদ ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন।

অভিনব পন্থায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সাড়ে সাত টন চিনি নেওয়া হচ্ছিল ঢাকায়। তবে শেষ রক্ষা হয়নি। ট্রাকটি জব্দ করে তল্লাশি করতে গিয়ে দেখা যায়, বালুর নিচে থরে থরে সাজানো চিনির বস্তা। ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা চোরাই চিনিকে সিলেটে ‘বুঙ্গার চিনি’ বলা হয়। গত কয়েক দিনে বুঙ্গার চিনির এমন একাধিক চালান জব্দ করেছে পুলিশ।
সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওই ট্রাকের চালক সিলেটের জৈন্তাপুরের উত্তর ঘাটেরচটি গ্রামের নিজাম উদ্দিনকে (২৯) আটক করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাতটায় ওসমানীনগর গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ভারতীয় চিনিভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিকভাবে বালুর ট্রাক মনে করেছিল পুলিশ। তবে তল্লাশি করতে গিয়ে চিনির বস্তার অস্তিত্ব পাওয়া যায়। এরপর ট্রাকের চালকসহ চিনির চালান জব্দ করা হয়। ট্রাকটি থানায় নিয়ে বালু সরিয়ে দেখা যায়, থরে থরে সাজানো ১৫০টি বস্তা। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত জৈন্তাপুরের হরিপুরের সাদিক মিয়া ও কামরুল ইসলাম পালিয়ে যান।
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
৩ অক্টোবর, ২০২৩

মানিকগঞ্জঃ বিএনপির সমাবেশে অংশ নিতে ঢাকায় গতকাল সোমবার ( ২ অক্টোবর ) নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ভাড়া দেওয়ায় মানিকগঞ্জের প্রায় ১৫টি বাসের কাগজপত্র ও চাবি জব্দ করার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ-সমর্থিত জেলা পরিবহন মালিক সমিতির নেতাদের নির্দেশে এসব বাসের চাবি জব্দ করা হয় বলে অভিযোগ।
গতকাল রাতে এবং আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শুভযাত্রা পরিবহনের এসব বাসের কাগজ ও চাবি জব্দ করা হয়। আজ দুপুরে ওই পরিবহনের বাসের বেশ কয়েকজন চালক, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। তাঁরা বলছেন, কারা কোন দল করেন, তা তাঁদের দেখার বিষয় নয়। গাড়ির চাকা না চললে তাঁদের সংসার চলে না।শুভযাত্রা পরিবহনের বাসগুলো মানিকগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানে যাত্রী পরিবহন করে থাকে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগের এক দফা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর নয়াপল্টনে গতকাল এ সমাবেশের আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। ওই সমাবেশে মানিকগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যাতায়াতের জন্য বিভিন্ন পরিবহনের ৩০ থেকে ৩৫টি বাস ভাড়া করে জেলা বিএনপি। এর মধ্যে শুভযাত্রা পরিবহনের প্রায় ১৫টি বাস ভাড়া করা হয়।আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে ১০ থেকে ১২টি শুভযাত্রা পরিবহনের বাস দাঁড়িয়ে আছে।
নাম প্রকাশ না করার শর্তে চালক ও মালিকপক্ষের কয়েকজন অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে দলটির জেলার নেতা-কর্মীদের যাতায়াতের জন্য বাস ভাড়া দেওয়ায় গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। জেলা বাস মালিক সমিতির সভাপতি ও মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নির্দেশে তাঁর অনুসারীরা এসব করেছেন। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেওয়ার অভিযোগও আছে তাঁদের বিরুদ্ধে।এক চালক বলেন, গতকাল ওই কর্মসূচি থেকে রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসার পর বাসের চাবি ছিনিয়ে নেন জাহিদুল ইসলামের লোকজন। আজ সকালে তাঁরা পুলিশের নাম করে গাড়ির কাগজপত্র নিয়ে যান।
শুভযাত্রা পরিবহনের একটি বাসের মালিক কাইয়ুম হোসেন বলেন, ‘বিএনপির কর্মসূচিতে গাড়ি ভাড়া দেওয়া যাবে না, এ বিষয়ে আমাদের আগে তো বলা হয়নি। তা ছাড়া আমরা সাধারণ মালিক। বাসের চাকা চললে আমাদের জীবনের চাকা চলে। আমরা তো কোনো দল করি না।এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, ‘এ ধরনের ঘটনায় মনে হচ্ছে, আমরা বর্বর যুগে ফিরে যাচ্ছি। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা নয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ঢাকায় থেকে মানিকগঞ্জ ফিরে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘বাসের চাবি ও কাগজপত্র নেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’

নিজস্ব প্রতিবেদক,
৩ অক্টোবর, ২০২৩

ছবিঃ সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু খালেদা জিয়াকে অসুস্থ রেখে নয়, শেখ হাসিনার অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না বিএনপি।
ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরূচিপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি কীভাবে দিতে পারেন? তা আমাদের বোধগম্য নয়।
নিজস্ব প্রতিবেদক,
৩ অক্টোবর, ২০২৩

নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।
আগামী ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোর্টরুম-১ এ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ঐতিহ্যগতভাবে সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ)।
আজ মঙ্গলবার ইউএলএফের আহ্বায়ক ও বিএনপির নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এসসিবিএ চত্বরে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গত ১ অক্টোবর নেত্রকোনায় আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক সংবর্ধনা নিয়ে প্রধান বিচারপতির নিরপেক্ষ পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। এর ফলে বিচার বিভাগের প্রতি মানুষের অবিশ্বাস আরও গভীর হয়েছে।
জেলা প্রতিনিধি, কক্সবাজার,
৩ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের চকরিয়ার হারবাং থেকে অপহরণ হওয়া স্কুল শিক্ষার্থীকে ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় অপহরণ হওয়া শিশুটিকে পুলিশের চৌকস দল অভিযানে সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।
অপহরণকারী মোহাম্মদ মিনহাজ উদ্দিন সায়েম (২৯) চকরিয়ার হারবাং ইউনিয়নের শান্তিনগর পূর্ব নুনাছড়ি একই এলাকার ওসমান গণির ছেলে।
পরে আউয়ালের বাবার মুঠোফোনে কল করে আউয়ালকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় হতবিহ্বল হয়ে ৯৯৯ হটলাইন নম্বরে কল করে ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে অবগত করেন আউয়ালের বাবা। এরপরই অভিযানে নামে পুলিশ। তারা সন্ধ্যা ছয়টার দিকে অপহৃত আব্দুল আউয়ালকে উদ্ধার ও অপহরণকারী সায়েমকে আটক করে।
ভুক্তভোগী পরিবার জানায়, আব্দুল আউয়াল আদিলকে প্রলোভন দেখিয়ে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় নিয়ে যায় অপহরণকারী। ছেলেকে পেতে হলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির কথা এলাকায় জানাজানি হলে স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করে। পরে কোনো হদিস না পেয়ে পুলিশকে জানানো হয়। চকরিয়া থানা পুলিশ জানার পর হারবাং পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ শেখের নেতৃত্বে অভিযানের পর অপহৃত স্কুলছাত্র আব্দুল আউয়ালকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।’


ক্রীড়া প্রতিনিধি,
৩ অক্টোবর,২০২৩

৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক ভারত। তবে এর আগে ৪ অক্টোবর জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য এক আয়োজন করার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। সেই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনীতে বিভিন্ন পরিবেশনায় থাকার কথা ছিল বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকার। যাদের মধ্যে ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং।
তবে নিজেদের সিদ্ধান্ত থেকে এবার সরে এসেছে বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠান নয়, জমকালোভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করার কথা পরিকল্পনা করছে রোহিত শর্মাদের বোর্ড।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভক্তরা। সর্বশেষ জানা গিয়েছে ১০ অধিনায়কের উপস্থিতিতে একটি লেজার শোর আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শেষ পর্যন্ত এমনটা হয়ে থাকলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বিশ্বকাপ আয়োজন দেখবে ভক্তরা। ইতিমধ্যে সমর্থক থেকে শুরু করে সাংবাদিক- সকলেই বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন। এমনকি কেউ কেউ বিশ্বকাপ বয়কটেরও হুমকি দিয়েছেন।