ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও বন্দীর মুক্তি, আছে ৪ বছরের শিশুও

সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রোববার গাজা উপত্যকা থেকে আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ বছর বয়সী এক মার্কিন শিশুও আছে। একই দিন ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, গতকাল তারা ১৩ জন ইসরায়েলি, ৩ জন থাই এবং ১ জন রুশ নাগরিককে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস বলেছে, গাজা থেকে মুক্তি পাওয়া ১৭ জিম্মিকে তারা সফলভাবে স্থানান্তর করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলও তাদের কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তারা সবাই কিশোর-কিশোরী।
গত শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে। এর আওতায় ধাপে ধাপে ৫০ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা। আজ সোমবার এ যুদ্ধবিরতির শেষ দিন।
গতকাল ৪ বছর বয়সী যে মার্কিন শিশুকে মুক্তি দেওয়া হয়েছে, তার নাম আবিগাইল এডান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দিন ওই শিশুর সামনেই তার মা-বাবাকে হত্যা করেছে হামাস। তখন থেকে শিশুটি হামাসের কাছে ছিল।
যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘ও যা সহ্য করেছে, তা চিন্তারও বাইরে।’
জো বাইডেন বলেছেন, তিনি আশা করেন, জিম্মিদের সবাই মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াই বন্ধ থাকবে। হামাসের কাছে আটক থাকা আরও বেশিসংখ্যক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হবে বলেও আশা করছেন তিনি।
হামাস বলেছে, ইসরায়েল থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার সংখ্যা বাড়ানোর জন্য তৎপরতা চালানো হলে তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল গাজা উপত্যকার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তির ব্যাপারে তিনি বাইডেনের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও বলেন, সাময়িক এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তিনি রাজি আছেন, তবে বর্ধিত সময়ে প্রতিদিন ১০ জন করে বন্দীকে মুক্তি দিতে হবে।
নেতানিয়াহু বাইডেনকে আরও বলেছেন, যুদ্ধবিরতি শেষে ইসরায়েল আবারও তাদের লক্ষ্য অর্জনে পূর্ণ শক্তি প্রয়োগ করবে।
যুদ্ধবিরতির প্রথম দিন গত শুক্রবার ১৩ ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। এ ছাড়া থাইল্যান্ডের ১০ নাগরিক এবং ফিলিপাইনের ১ নাগরিককেও সেদিন মুক্তি দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ওই দিনই ৩৯ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দিন শনিবার রাতে আরও ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১৩ জন ইসরায়েলের এবং ৪ জন থাইল্যান্ডের নাগরিক।
এ দুই দিন ইসরায়েলের কারাগার থেকে ৩৯ জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটির বিরোধী নেতা-কর্মী-সমর্থকদের লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা বলেছে।
এইচআরডব্লিউর বিবৃতিটি সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত, নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনা তদন্ত করা। এর মধ্যে এমন সব ঘটনাও আছে, যে ক্ষেত্রে একপক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি পূর্বপরিকল্পিত সমাবেশের পর থেকে প্রায় ১০ হাজার বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান সহিংসতায় পুলিশের দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।
এইচআরডব্লিউর এশিয়া-বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, বাংলাদেশ সরকার কূটনৈতিক অংশীদারদের কাছে দাবি করছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগার ভরছে।
জুলিয়া ব্লেকনার আরও বলেন, বাংলাদেশের কূটনৈতিক অংশীদারদের এই বিষয়টি স্পষ্ট করা উচিত যে, সরকারের কর্তৃত্ববাদী দমনপীড়ন ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতাকে বিপন্ন করবে।

বাংলাদেশের রাজনীতি নিয়ে ওয়াশিংটন-মস্কোর পাল্টাপাল্টি বক্তব্য ‘অনভিপ্রেত’ উল্লেখ করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন এ বিষয়ে ঢাকা কোনো আলোচনা করবে না।
দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে মাসুদ বিন মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্রসচিব বলেন, দেখুন, এটা আমি মন্তব্য করতে চাই না। বাংলাদেশে কী হচ্ছে-না হচ্ছে, সেটা নিয়ে আমরা বলতে পারি। তৃতীয় বা চতুর্থ দেশ, এরা তাদের মধ্যে কী আলাপ-আলোচনা করছে, এটা আমাদের জন্য খুব একটা… বিষয়টা অনভিপ্রেত বলা যায়। আমরা আলোচনা করতে চাই না।
এক সাংবাদিক বলেন, ঢাকা বিষয়টি নিয়ে আলোচনা না করতে চাইলেও যুক্তরাষ্ট্র-রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য তো বাংলাদেশ নিয়েই এপ্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, এর আগে চীনকেও দেখেছি আলোচনা করতে। আমরা তো কারও কাছে অনুরোধ করিনি মন্তব্য করতে।

গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে দাবি করেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসঅক্টোবরের শেষের দিকে সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন।
এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলে মন্তব্য করেন জাখারোভা
মস্কোর ওই সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা বলেন, খবর পাওয়া যাচ্ছে যে, মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলের নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন।
রুশ মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।
রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ওই প্রতিক্রিয়ায় বলা হয়, ইচ্ছাকৃতভাবে মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠকের বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।
এতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা চাই এবং সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। আমাদের ও বাংলাদেশের জনগণ উভয়ের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন।
মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে বলেও প্রতিক্রিয়ায় জানানো হয়।
রাশিয়ার জাখারোভার বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক
মারিয়া জাখারোভার বক্তব্য নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাশিয়ার বক্তব্য একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
রিজভী বলেন, গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক (এফএমএ) মুখপাত্র মারিয়া জাখারোভা তার এক্স (টুইটার) হ্যান্ডেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে যে টুইট করেছেন, তা বাংলাদেশের জনগণ এবং বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই টুইটে তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার বিরোধী মহাসমাবেশ আয়োজনে বিরোধী দলের সঙ্গে পরিকল্পনার অভিযোগ তুলেছেন। এর মাধ্যমে তিনি মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও করেছেন।
মারিয়া জাখারোভার বক্তব্য বাংলাদেশের সংবাদমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের মুক্তার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। দাগনভূঞা থানা পুলিশ আকবর হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ বলেছে, তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ও সোমবার বিএনপির ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আজ শনিবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। আকবর হোসেন মিছিলের নেতৃত্বে ছিলেন।
মিছিল শেষে বাড়ি ফেরার পথে আকবর হোসেনকে মুক্তার বাড়ি এলাকায় ঘিরে ধরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশে খবর দেয়। পরে দাগনভূঞা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয় লোকজন বিএনপি নেতা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তার শক্তি।
তিনি বলেন, ‘দেশের জনগণ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষামোদের রাজনীতি করতে পারি না।
প্রধানমন্ত্রী আজ গণভবনে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, ‘এ মাটি আমাদের। এখানে কারো খবরদারি বরদাস্ত করা হবে না। জনগণই আমাদের শক্তি এবং আমরা কারো ওপর নির্ভরশীল নই।’
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গত ১৫ বছরে তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো সংক্ষেপে বর্ণনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শেখ হাসিনা আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

বিএনপি ও সহযোগী সংগঠনের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিন আজ রোববার সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তারা দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকা ও আশেপাশের জেলায় মোট ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’
এদিকে, র্যাবের মোট ৪৩০টি টহল দল সারাদেশে রাস্তায় টহল দিচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি র্যাবের টহল দল বাস ও পণ্যবাহী যানবাহনকে গন্তব্যে যেতে সহযোগিতা করছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে।
দলীয় মনোনয়ন ঘোষণার আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আজ রোববার মতবিনিময় সভা করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দলের সভানেত্রীর দেখা পেতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন তারা।
এ দিন সকাল ১০টার দিকে গণভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। নির্বাচনকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এই চার দিনে মোট তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।
এর মধ্যে ঢাকা বিভাগেই বিক্রি হয়েছে ৭৩০টি ফরম। চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগে ১৭২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি এবং রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। কয়েকটি বাদে প্রতিটি আসনে নৌকার মাঝি হতে লড়ছেন ১০-১১ জন।
আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ফাইল ছবিচলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ। গত বছর পাসের গড় হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।
দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ফলের সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী । গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ ও রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৫ শতাংশ বলে জানা গেছে।
গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪৪ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৬৫৮টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি। এর আগে ২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন ।
যেভাবে জানা যাবে ফল
বেলা ১১টায় পর স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি ম্যাসেজে ফল পাওয়া যাবে।
ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনে নিবন্ধিত ধর্মভিত্তিক গুরুত্বপূর্ণ অনেক দল নির্বাচনে যাচ্ছে না। এর মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক চারটি দল— ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস বিশেষভাবে উল্লেখযোগ্য।
এর বাইরে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীও নির্বাচনের যাচ্ছে না। সম্প্রতি আপিল বিভাগ থেকে দলটির নিবন্ধন বাতিলের আদেশ বহাল রেখেছে।
নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। এর মধ্যে ইসলামপন্থি দল ১১টি। এর মধ্যে ৭টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।
কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে দুটি দল নির্বাচনে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন যার বর্তমান আমির আতাউল্লাহ হাফেজ্জী। আরেকটি দল ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী।
কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে ৪টি দল নির্বাচনে যাচ্ছে না, তার মধ্যে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খ জিয়াউদ্দীনের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ও মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নানাবিধ বিবেচনায় উল্লেখযোগ্য। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম পুরোনো রাজনৈতিক দল। এই দলের অন্যতম সহসভাপতি শাহিনুর পাশা চৌধুরী গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জমিয়তের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নির্বাচনে যাচ্ছেন না। দলের এই সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহিনুর পাশা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার প্রাথমিক সদস্যসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে জমিয়ত।
শুক্রবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জমিয়ত বলেছে, তিনি দলীয় সিদ্ধান্ত ও অবস্থানের বিপক্ষে আসতে প্ররোচিত করাসহ এমন কিছু কর্মকাণ্ড করেছেন, যা দলের শৃঙ্খলা পরিপন্থি। তার এসব আচরণ দলের নীতি-আদর্শ ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। শাহিনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে দলটি।
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম গতকাল চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা গোলাম সারোয়ার মজুমদার।
আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই হামলার ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
পরে সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার বলেন, ‘কুমিল্লা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। তারা মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মনোনয়ন ফরম সংগ্রহের আগে কামাল ও মহব্বতের অনুমতি নিয়েছি কি না জিজ্ঞেস করে।’
এ ঘটনায় জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার ও কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
কুমিল্লা কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) রাকিবুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।